সৈয়দ এম এ জিন্নাহ্ : শিক্ষকতা, গবেষণা, পাঠ্যপুস্তক রচনা ও সামাজিক দায়বদ্ধতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা-২০২৬’ অর্জন করেছেন কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুর রাসুল। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কলেজ পর্যায়ের (সাধারণ) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
গত সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ড. সিরাজুর রাসুলের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ের এ সম্মাননার অংশ হিসেবে তাঁকে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা ড. সিরাজুর রাসুল ১৯৬৯ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৯৯২ সালে স্নাতক এবং ১৯৯৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে ২০০৬ সালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ২০১২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৭তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন ড. সিরাজুর রাসুল। কর্মজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা ও দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ শিক্ষকতা জীবনে শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। সাতটি পাঠ্যপুস্তকের সহ-প্রণেতা ড. সিরাজুর রাসুলের একাধিক গবেষণাপত্র আন্তর্জাতিক মানের প্রকাশনায় স্থান পেয়েছে।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় এই শিক্ষক। যৌতুক, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন তিনি। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাকেও শিক্ষকতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন তিনি।
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ড. সিরাজুর রাসুল সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সংসদীয় স্থায়ী কমিটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান।
এ সম্মাননাকে নিজের শিক্ষকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করে ড. সিরাজুর রাসুল ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর এ অর্জন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যেও প্রশংসা ও উৎসাহ সৃষ্টি করেছে।
দৈনিক সংসদ প্রতিদিন